নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

২৫ এপ্রিল, ২০২৩ ১১:০০  

রাজধানীর তেজতুরী পাড়া, মগবাজার, গ্রিন রোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ, বসুন্ধরা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে এখন থেকে চুলায় আগুন জ্বালাতে কোনো সমস্যা নেই।

মঙ্গলবার সকালে এই আশ্বাস দিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহ।  এসময় তিনি উদ্ভূত পরিস্থিতির জন্য আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তার সমাধান হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

তিনি আরও বলেন, গ্যাসের মধ্যে যে গন্ধ দেওয়া হয়, সেটা তো নিরাপত্তার জন্যই দেওয়া হয়। যাতে লিকেজ হলে গন্ধ বের হয়। আমরা সব ঠিক করেছি।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ার (ওভার-ফ্লো) কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধান হয়েছে।

এর আগে গতকাল রাতে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কারণ জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে।’

https://digibanglatech.news/news/local/100919/?swcfpc=1

এ ঘটনায় গত রাতে অনেকেই ভয়ে চুলা জ্বালাননি। দুর্ঘটনার ভয়ে অনেকে গ্যাসের মেইন সুইচ বন্ধ করে রাখেন। ফলে মঙ্গলবার (২৫ এপ্রিল) অনেক এলাকার অনেক বাসায় সকাল শুরু হয় গ্যাস ছাড়াই। এ জন্য তিতাস নিশ্চিত করেছে যে আর কোনও সমস্যা নেই। এখন চুলা জ্বালানো যাবে।